পলাতক আসামির আন্তর্জাতিক ফোরামে বক্তব্য দেওয়ার অধিকার নেই: রিজভী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সাংবাদিকদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার ভাষ্য, আদালতে দণ্ডপ্রাপ্ত ও পলাতক একজন আসামির এমন কোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়া গ্রহণযোগ্য নয়।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর গুলশানে একটি আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, একজন পলাতক আসামি, যার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আদালতের রায় রয়েছে, তিনি কীভাবে আন্তর্জাতিক সাংবাদিকদের একটি ফোরামে বক্তব্য দেওয়ার সুযোগ পান—এ প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে।
তিনি আরও দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে দেশের মানুষের স্বার্থের চেয়ে ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থই বেশি প্রাধান্য পেয়েছে। তার অভিযোগ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মাধ্যমে আত্মীয়স্বজনকে বিদেশে প্রতিষ্ঠিত করাই ছিল সাবেক প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য।
বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণের প্রতি দায়বদ্ধতার পরিবর্তে ব্যক্তিস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কারণেই শেখ হাসিনা ইতিহাসে একজন ঘৃণিত ফ্যাসিস্ট শাসক হিসেবে বিবেচিত হবেন।
মতামত দিন