অর্থনীতি
ছবি: সংগৃহীত

পুরোনো বিআইএন বাতিল, নতুন নির্দেশনা এনবিআরের।

নিজেস্ব প্রতিবেদক:

ভ্যাট কমিশনারেট পুনর্গঠনের আওতায় যেসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) নতুন অধিক্ষেত্রে স্থানান্তর করা হয়েছে, তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন বিআইএন ব্যবহার শুরু করতে হবে। নির্ধারিত সময় পার হলে পুরোনো বিআইএন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (৩ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, করজাল সম্প্রসারণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ভ্যাটসেবা আরও কার্যকর করতে কমিশনারেটগুলোর অধিক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে। এর অংশ হিসেবে নতুন কমিশনারেট গঠন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিআইএন নতুন কমিশনারেটের আওতায় স্থানান্তর করা হয়েছে।

সংস্থাটি জানায়, স্থানান্তরের ফলে বিআইএনের শেষ চারটি সংখ্যা পরিবর্তিত হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট ও ডিভিশনকে নির্দেশ করে। তবে প্রতিষ্ঠানের অন্যান্য নিবন্ধনসংক্রান্ত তথ্য আগের মতোই বহাল থাকবে।

আমদানি-রপ্তানি কার্যক্রমে কোনো ধরনের জটিলতা এড়াতে আপাতত পুরোনো ও নতুন—দুই ধরনের বিআইএনই কাস্টমসের ASYCUDA World সিস্টেমে সক্রিয় রাখা হয়েছে। ফলে পুরোনো বিআইএনের মাধ্যমে খোলা এলসি, বিল অব এন্ট্রি, কাস্টমস ঘোষণা এবং চলমান অন্যান্য কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সম্পন্ন করা যাবে।

তবে ১ ডিসেম্বর থেকে পরিস্থিতি বদলে যাবে। ওই দিন থেকে পুরোনো বিআইএন সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং কাস্টমস-সংশ্লিষ্ট সব কার্যক্রম পরিচালনার জন্য নতুন বিআইএন ব্যবহার বাধ্যতামূলক হবে বলে এনবিআর জানিয়েছে।

করদাতাদের সময়সীমার মধ্যেই নতুন বিআইএনে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, যাতে আমদানি-রপ্তানিসহ ব্যবসায়িক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়।

মতামত দিন