জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি ভবনে সৌরবিদ্যুৎ, জ্বালানি সাশ্রয়ে তিন নির্দেশনা প্রধানমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশে জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে সৌরবিদ্যুতের বিস্তার ঘটানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎকে আরও সাশ্রয়ী করার পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌরবিদ্যুৎবিষয়ক এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে বঙ্গভবন, তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় পর্যায়ক্রমে সৌর প্যানেল বসানো হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে সাধারণ মানুষও এই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবে। তাই দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক পর্যায়ে সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে পৃথক উপস্থাপনা করে। তারা জানায়, বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা গেলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কর্মসংস্থানেরও নতুন সুযোগ সৃষ্টি হবে।

এ সময় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে তুলে ধরা হয়, সৌরশক্তির মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, লিফট, ফ্যানসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পরিচালনা করা সম্ভব, যা বিদ্যুতের ওপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন