জাতীয়
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত চট্টগ্রামের তিন উপজেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা পরিদর্শনে আগামী ৯ আগস্ট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন এবং সরকারি উদ্যোগে নির্মিত নতুন ঘর উপকারভোগীদের কাছে হস্তান্তর করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর।

সফরকে ঘিরে সংশ্লিষ্ট তিন উপজেলায় প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। বন্যায় ঘর হারানো পরিবারগুলোর জন্য নির্মিত বাড়িগুলোর কাজ দ্রুত শেষ করা হচ্ছে, যাতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সেগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা যায়।

সফরের অংশ হিসেবে বাঁশখালীতে একটি সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়ার পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিকও পর্যালোচনা করবেন তিনি। যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত এলাকায় হেলিপ্যাড প্রস্তুতের কাজও চলছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় পর্যায়েও সমন্বয় করা হচ্ছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, সফরের আনুষ্ঠানিক সূচি হাতে পাওয়ার পর প্রশাসনের সব প্রস্তুতি চূড়ান্ত করা হবে। তবে সম্ভাব্য কর্মসূচি সামনে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে নেওয়া হচ্ছে।

মতামত দিন