ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু, বাজারে দাম কমার আভাস।
দেশের বাজারে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর সোমবার বিকেলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথম চালানে ২১ মেট্রিক টন কাঁচামরিচ দেশে আসে।
সরকারের অনুমোদনের আওতায় হিলি স্থলবন্দরের ১৬ জন আমদানিকারক মোট ৫ হাজার ১৫০ মেট্রিক টন কাঁচামরিচ আমদানির সুযোগ পেয়েছেন। ব্যবসায়ীরা বলছেন, পর্যায়ক্রমে এসব চালান দেশে পৌঁছালে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমবে।
আমদানির ইতিবাচক প্রভাব ইতোমধ্যেই স্থানীয় বাজারে পড়তে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তাদের ভাষ্য, হিলি ও আশপাশের বিভিন্ন বাজারে কাঁচামরিচের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে।
হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন জানান, ভোক্তা পর্যায়ে মূল্য স্বাভাবিক রাখতে সরকার কাঁচামরিচ আমদানির অনুমতি দিয়েছে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবেই আবারও এই বন্দর দিয়ে ভারতীয় কাঁচামরিচ প্রবেশ শুরু হয়েছে।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারত থেকে কাঁচামরিচ আমদানি হয়েছিল। প্রায় নয় মাস পর পুনরায় এ পণ্য আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন