আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

হরমুজ আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির।

নিজেস্ব প্রতিবেদক:

হরমুজ প্রণালির আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার নজরদারি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের অভিযানে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, মহাকাশ বাহিনীর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে অত্যাধুনিক মার্কিন ড্রোনটি বিধ্বস্ত হয়।

সামরিক বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, একটি এমকিউ-৯ রিপার ড্রোন তৈরিতে প্রায় ৩ কোটি মার্কিন ডলার ব্যয় হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য সাড়ে ৩৫০ কোটিরও বেশি।

পেন্টাগনের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির পর মার্কিন বাহিনীর ব্যবহৃত এমকিউ-৯ ড্রোন একাধিকবার হামলার শিকার হয়েছে। ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে বিভিন্ন অভিযানে এসব ড্রোনের ক্ষয়ক্ষতির ঘটনাও সামনে এসেছে।

তবে আইআরজিসির এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: পার্সটুডে

মতামত দিন