আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল,সরিয়ে নেওয়া হলো ৬০ হাজার মানুষ।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দ্রুত ছড়িয়ে পড়া দাবানল ভয়াবহ রূপ নিয়েছে। আগুনে শত শত বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ধ্বংস হওয়ায় প্রায় ৬০ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর বব ফার্গুসন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পোকেন এলাকা। সেখানে আগুনে অন্তত ৬০০টি বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। কয়েকটি দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে থাকায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু স্পোকেনেই প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল এলাকা পুড়ে গেছে। নিরাপত্তার স্বার্থে হাসপাতালের রোগীসহ হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলের পাশাপাশি পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে কয়েকশ বর্গমাইল তৃণভূমি পুড়ে গেছে এবং শত শত বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে। বুলডোজার, হেলিকপ্টার ও বিপুলসংখ্যক দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েক দিনও তাপমাত্রা বেশি থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কম। ফলে নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব ওয়াশিংটন, আইডাহো, ওরেগন ও মন্টানার বিভিন্ন অঞ্চলে বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে।

স্পোকেনে ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিদ্যুৎ কোম্পানি অ্যাভিস্তা জানিয়েছে, হাজারো গ্রাহক এখনও বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, আবহাওয়া অনুকূলে না এলে দাবানল পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

মতামত দিন