শৌভিকের মৃত্যুর পর কক্সবাজারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্যারাসেইলিং।
কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় জেলার সব প্যারাসেইলিং কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে এ কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।
ঘটনার পরপরই প্রশাসন দরিয়ানগর এলাকায় অভিযান চালায়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে পরিচালিত ‘ফ্রাই এয়ার সি স্পোর্টস’-এর স্থাপনা ভেঙে ফেলা হয়। পাশাপাশি প্যারাসেইলিং পরিচালনায় ব্যবহৃত স্পিডবোটের ইঞ্জিন, জ্বালানি, যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অন্যদিকে, নিহত পর্যটক শৌভিক রায়ের মৃত্যুকে কেন্দ্র করে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হয়েছে। নিহতের বোন মেধা মৃত্তিকা রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মো. ফরিদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্তের দায়িত্ব পেয়েছে ট্যুরিস্ট পুলিশ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. মাহমুদুর রহমান সায়েম জানান, জব্দ করা সব সরঞ্জাম প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তদন্তে নিরাপত্তা বিধি লঙ্ঘনের বিষয় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার বৈরী আবহাওয়ার মধ্যেও প্যারাসেইলিং পরিচালিত হচ্ছিল। ওই সময় খুলনার পর্যটক শৌভিক রায় দুর্ঘটনায় প্রাণ হারান। এরপর নিরাপত্তাহীনভাবে পরিচালিত এই বিনোদন কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার অবস্থা, বাতাসের গতি ও নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ না করলে এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে।

মতামত দিন