মিশরে ৫.৫ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কায়রো।
মিশরের পূর্বাঞ্চলে সোমবার ভোরে আঘাত হানা একটি ভূমিকম্পে রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
মিশরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে সুয়েজ শহরের উত্তর দিকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। সংস্থাটি পরে এর মাত্রা ৫ দশমিক ৫ নির্ধারণ করে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে।
কম্পনের পরপরই সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় হয় মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। অ্যাম্বুলেন্সসহ সব জরুরি সেবাকে প্রস্তুত রাখার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফ্ফার।
মিশরীয় রেড ক্রিসেন্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে পর্যবেক্ষণ চালানো হলেও এখন পর্যন্ত কোথাও হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতির তথ্য মেলেনি।
এদিকে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনে না থাকার পরামর্শ দিয়েছে মিশরীয় রেড ক্রিসেন্ট। বিশেষ করে কায়রোর পুরোনো আবাসিক এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, মিশরে বড় ধরনের ভূমিকম্পের ঘটনা বিরল হলেও ১৯৯২ সালের ভয়াবহ ভূমিকম্পে ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর থেকে দেশটিতে ভূমিকম্প-পরবর্তী জরুরি প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মতামত দিন