জাতীয়
ছবি: সংগৃহীত

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন বুয়েটের পানি বিশেষজ্ঞ ড.সাব্বির।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর পানি সংকট ও জলাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যা সমাধানে এবার বিশেষজ্ঞ হাতে ঢাকা ওয়াসার দায়িত্ব দিয়েছে সরকার। বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রায় তিন দশকের কর্মজীবনে ড. সাব্বির পানিসম্পদ, নদী ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস ও নগর ড্রেনেজ নিয়ে গবেষণা ও শিক্ষকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ১৯৯৬ সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর UCLA থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন। ১৯৯৭ সাল থেকে বুয়েটে শিক্ষকতা শুরু করে ধাপে ধাপে বিভাগীয় প্রধানের পদে উঠে এসেছেন।

পদ্মা সেতু সংযোগ সড়ক, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, পায়রা সমুদ্রবন্দরসহ ৫০টির বেশি জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে পানি বিশেষজ্ঞ ও টিম লিডার হিসেবে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে ৪০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে তার।

নতুন দায়িত্বে তাকে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানো, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়া এবং জলাবদ্ধতা নিরসনের মতো বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। বিশ্লেষকরা বলছেন, তার প্রযুক্তিগত দক্ষতা এসব সমস্যা মোকাবিলায় কাজে আসবে, তবে প্রাতিষ্ঠানিক সংস্কার ও আর্থিক সুশাসনও সমান জরুরি।

মতামত দিন