ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর।
যানজটে নাকাল রাজধানীর মানুষের জন্য বিকল্প পথ খুলে দিতে উদ্যোগ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ে আয়োজিত এক বিশেষ সভায় ঢাকার চারপাশের নৌপথগুলো সক্রিয় করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।
সভায় বেসরকারি কোম্পানিগুলোকে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব বিবেচনা করে এ বিষয়ে অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়।
নৌপথ চালুর পাশাপাশি নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতেও কড়া নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নদীর তীরে নির্মিত ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সুরক্ষা ও সৌন্দর্যবর্ধনের বিষয়েও বিশেষ গুরুত্ব দেন তিনি।
সভায় সড়ক পরিবহন ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতামত দিন