জাতীয়
ছবি: সংগৃহীত

কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনা, পর্যটকের প্রাণহানি।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারে বিনোদনমূলক প্যারাসেইলিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুলনার বাসিন্দা শৌভিক রয় নামে এক পর্যটক। সমুদ্রের ওপর উড্ডয়নের সময় নিরাপত্তা বেল্ট থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন তিনি।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় অবস্থিত একটি প্যারাসেইলিং স্পটে এ ঘটনা ঘটে।

জানা যায়, নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন শৌভিক রয়। ভ্রমণের অংশ হিসেবে প্যারাসেইলিংয়ে অংশ নেওয়ার সময় হঠাৎ তিনি নিরাপত্তা ব্যবস্থার বাইরে ছিটকে সাগরের পানিতে পড়ে যান।

দুর্ঘটনার পর প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার বিষয়ে জেলা প্রশাসন, পর্যটন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্তের উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন