বিজ্ঞান ও প্রযুক্তি
ছবি: সংগৃহীত

আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স, জানা গেল সম্ভাব্য ফিচার।

নিজেস্ব প্রতিবেদক:

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আইফোন ১৮ প্রো ম্যাক্স নিয়ে প্রযুক্তি দুনিয়ায় আলোচনা তুঙ্গে। বিভিন্ন বিশ্লেষক ও ফাঁস হওয়া তথ্যের ভিত্তিতে ফোনটির বেশ কিছু সম্ভাব্য বৈশিষ্ট্য সামনে এসেছে।

সব তথ্য এখনো নিশ্চিত না হলেও প্রযুক্তিপ্রেমীদের কৌতূহল ইতিমধ্যে তুঙ্গে পৌঁছেছে।

ধারণা করা হচ্ছে, আগামী সেপ্টেম্বরে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স একসঙ্গে উন্মোচন করতে পারে অ্যাপল। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রথম ফোল্ডেবল আইফোনও আসতে পারে। তবে সাধারণ আইফোন ১৮ ও আইফোন ১৮ই আসতে পারে ২০২৭ সালের বসন্তে, যা অ্যাপলের প্রচলিত লঞ্চ কৌশল থেকে আলাদা।

এবার সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে প্রসেসরে। নতুন এ২০ প্রো চিপ হতে পারে অ্যাপলের প্রথম ২ ন্যানোমিটার প্রযুক্তির চিপ, যা পারফরম্যান্স বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খরচ ও তাপ উৎপাদন কমাবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরায় আসতে পারে ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি, যা কম আলোতে ছবির মান উন্নত করবে এবং ডেপথ অব ফিল্ডের ওপর ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বাড়াবে।

ব্যাটারিতেও উন্নতির ইঙ্গিত মিলেছে। নতুন চিপের শক্তি সাশ্রয়ী নকশার কারণে প্রো ম্যাক্স সংস্করণে আগের চেয়ে বেশি ক্ষমতার ব্যাটারি দেওয়া হতে পারে। তবে বাহ্যিক ডিজাইনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করছেন বিশ্লেষকরা।

দামের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অনানুষ্ঠানিক সূত্রগুলো বলছে, এটি হতে পারে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে দামি নন-ফোল্ডেবল আইফোন। তবে আনুষ্ঠানিক উন্মোচনের আগ পর্যন্ত সব তথ্যই সম্ভাব্য হিসেবে ধরে নেওয়াই যুক্তিসংগত।

মতামত দিন