অপরাধ
ছবি: সংগৃহীত

বগুড়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ৬ নেতা কারাগারে।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার শেরপুর, সোনাতলা ও ধুনট উপজেলায় একযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বিভিন্ন মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ থাকায় বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সবাইকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানকে মির্জাপুর বাজার এলাকা থেকে এবং শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেনকে কানাইকান্দর এলাকা থেকে আটক করা হয়। পুলিশের ভাষ্য, একটি মামলায় হান্নান আগে থেকেই এজাহারভুক্ত আসামি ছিলেন। তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর একই মামলায় তোফাজ্জল হোসেনের নামও যুক্ত করা হয়েছে।

সোনাতলায় পরিচালিত অভিযানে যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডুকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ককটেল বিস্ফোরণ এবং রাজনৈতিক সহিংসতার একটি মামলায় তিনি অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ধুনট থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আরিফুর রহমান দুলাল, পৌর যুবলীগ নেতা সুমন এবং কৃষক লীগ নেতা সোহেল তালুকদারকে আটক করে। তাদের বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, চলমান মামলার তদন্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের অংশ হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মতামত দিন