স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে একযোগে অভিযান, দালালচক্র নির্মূলের ঘোষণা।
সরকারি হাসপাতালের সেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে একাধিক কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে সরকার। হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া দালালচক্র, কমিশনভিত্তিক টেস্ট বাণিজ্য, টেন্ডার কারসাজি ও অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার মতো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর সেগুনবাগিচায় বুধবার (২৯ জুলাই) সরকারি স্বাস্থ্যব্যবস্থার দক্ষতা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কোনোভাবেই বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে ব্যক্তিগত লাভের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য, স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ক্রয় ও সেবা ব্যবস্থায় অনিয়ম। টেন্ডারে অযৌক্তিক শর্ত দিয়ে প্রতিযোগিতা সীমিত করা, প্রয়োজনহীন চিকিৎসা সরঞ্জাম কেনা এবং কমিশননির্ভর চিকিৎসা ব্যবস্থা বন্ধে নতুন নজরদারি কার্যক্রম শুরু হচ্ছে।
তিনি জানান, অতীতে কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হলেও অনেক যন্ত্রপাতি ব্যবহারই করা হয়নি। কোথাও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় রেডিওথেরাপি মেশিন বছরের পর বছর অচল পড়ে আছে, আবার কোথাও দক্ষ জনবল না থাকায় দামি যন্ত্রপাতি কার্যকর করা সম্ভব হয়নি। ভবিষ্যতে প্রকৃত চাহিদা যাচাই ছাড়া কোনো বড় ক্রয় করা হবে না বলে জানান তিনি।
ডায়ালাইসিস সেবা সরকারি ব্যবস্থাপনায় সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমিয়ে মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোতে নতুন ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে, যাতে রোগীরা কম খরচে চিকিৎসা পান।
এ ছাড়া মাতৃস্বাস্থ্য উন্নয়নে অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন বন্ধে সারাদেশে বেসরকারি ক্লিনিকে আকস্মিক পরিদর্শন জোরদার করা হয়েছে। প্রয়োজনীয় মানদণ্ড পূরণ না করায় কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধও করা হয়েছে।
অনুষ্ঠানে প্রকাশিত গবেষণায় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের বাজেট বাস্তবায়ন, ক্রয়প্রক্রিয়া ও সেবা ব্যবস্থাপনার বিভিন্ন দুর্বলতা তুলে ধরা হয়। গবেষণাটি দেশের আট বিভাগের ২২টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরিচালিত হয়েছে।

মতামত দিন