অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে ধরা পড়লেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি টাকার চাঁদা দাবি এবং সশস্ত্র হামলার ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে মঙ্গলবার গভীর রাতে যশোরের ধুমধুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে এককালীন ২ কোটি টাকা এবং পরে মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, দাবি প্রত্যাখ্যানের পর প্রতিষ্ঠানটির কার্যালয়ে সংঘবদ্ধ হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। ওই ঘটনায় আগেই ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার অভিযুক্ত মূল সমন্বয়কারীও ধরা পড়লেন।

পুলিশের ভাষ্য, ডেভিড ইমন ফটিকছড়ির বাসিন্দা এবং কুখ্যাত সাজ্জাদ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সময়ের সঙ্গে তিনি সংগঠনটির নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে আসেন। বিদেশে অবস্থান করেও মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গত ১৩ জুলাই চট্টগ্রামের চকবাজার এলাকার একটি অফিসে হামলার সময় সশস্ত্র দুর্বৃত্তরা অফিসের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে এবং নগদ অর্থ, মোবাইল ফোন, অফিস সরঞ্জামসহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। প্রযুক্তিগত নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তাকে জিজ্ঞাসাবাদ করলে চট্টগ্রামে সক্রিয় সন্ত্রাসী চক্র, চাঁদাবাজি এবং হামলার নেপথ্যে থাকা নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

মতামত দিন