আন্তর্জাতিক বাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত বৈঠকের ফলাফলের দিকে নজর রেখে আন্তর্জাতিক স্বর্ণবাজারে লেনদেন করছেন বিনিয়োগকারীরা। বড় ধরনের অবস্থান না নেওয়ায় বাজারে মূল্য ওঠানামা সীমিত থাকলেও বুধবার স্বর্ণের দামে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।
বাংলাদেশ সময় বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টা ২১ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ দশমিক ৫৯ ডলার, যা আগের দিনের তুলনায় ০.১ শতাংশ বেশি। তবে একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।
বাজারসংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে সাময়িকভাবে উত্তেজনা কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদায় বড় পরিবর্তন হয়নি। একই সঙ্গে ফেড সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশাও বাজারকে অপেক্ষার অবস্থায় রেখেছে।
এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে ভিন্নধর্মী চিত্র দেখা গেছে। রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। বিপরীতে প্লাটিনাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৫৮৬ দশমিক ৮৪ ডলার এবং প্যালাডিয়াম ১.৩ শতাংশ কমে ১ হাজার ২৫৩ দশমিক ১৮ ডলারে নেমেছে।
অন্যদিকে দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
রয়টার্সকে দেওয়া মন্তব্যে ট্রাডু ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বলেন, যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা এবং ফেডের সুদের হার নিয়ে বাজারের প্রত্যাশা স্বর্ণের দামে সীমিত প্রভাব ফেলছে।
সূত্র: রয়টার্স

মতামত দিন