বজ্রসহ ভারী বর্ষণের সতর্কতা, টানা ৫ দিনের পূর্বাভাস।
দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা এখনই কমছে না। আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিচ্ছিন্ন এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এ সময় তাপমাত্রার বড় ধরনের পরিবর্তন হবে না।
শুক্রবার বৃষ্টির বিস্তৃতি কিছুটা পরিবর্তিত হয়ে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ছড়িয়ে পড়তে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
শনিবার উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানের পাশাপাশি দেশের অন্যান্য বিভাগের বিচ্ছিন্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে এবং দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
রোববার ও সোমবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কয়েকটি এলাকায় ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড ও ছত্তিশগড় অঞ্চলে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে মৌসুমি বায়ু এখনও বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ুর প্রভাব মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী কয়েক দিন বৃষ্টির এই ধারা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন