জাপানের ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান।
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে শক্তিশালী ভূমিকম্পের একদিন পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কুমামোতো জেলা থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। এখনও অনেক মানুষ ভবনের ধ্বংসস্তূপে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের জীবিত উদ্ধারে সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হচ্ছে।
স্থানীয় সময় সোমবার বিকেল ৪টা ২৭ মিনিটে কুমামোতো উপকূলের কাছাকাছি ২০ কিলোমিটার গভীরে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সমুদ্রের অগভীর অংশে হওয়ায় কিউশুর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে কুমামোতো জেলা।
ভূমিকম্পের ধাক্কায় জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ৩৬ হাজারের বেশি বাড়িতে এখনও বিদ্যুৎ নেই। পাশাপাশি অধিকাংশ সড়কে ফাটল ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক যোগাযোগও ব্যাহত হচ্ছে।
ভূমিকম্পের প্রায় এক ঘণ্টা পর কুমামোতোর একটি শপিং মলে বিস্ফোরণের ঘটনাও ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়েছে। ধ্বংসস্তূপ থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।
এদিকে বড় ধরনের ভূমিকম্পের পর আফটারশকের আশঙ্কায় অনেক বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তীব্র গরম ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হিটস্ট্রোকের ঝুঁকিও বেড়েছে বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন।
সূত্র: রয়টার্স

মতামত দিন