জাতীয়
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণা, জনসাধারণকে সতর্ক করল বাংলাদেশ পুলিশ।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারি কর্মকর্তার নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে অর্থ আদায় এবং বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে টার্গেট করছে একটি সংঘবদ্ধ চক্র।

পুলিশ সদর দপ্তর মঙ্গলবার (২৮ জুলাই) এক সতর্কবার্তায় জানায়, প্রতারকরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিদের ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট পরিচালনা করছে। এসব অ্যাকাউন্ট থেকে মানুষের কাছে অর্থ চাওয়া হচ্ছে, আবার কোথাও প্রভাব খাটিয়ে কাজ করিয়ে দেওয়ার প্রলোভনও দেখানো হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়, কোনো ফেসবুক আইডি বা মেসেজে সরকারি কর্মকর্তার নাম বা ছবি থাকলেই সেটিকে সত্য বলে বিশ্বাস করা উচিত নয়। পরিচয় নিশ্চিত না হয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনুরোধে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

এ ধরনের প্রতারণার মুখোমুখি হলে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, অনলাইনে সক্রিয় এসব প্রতারক চক্রকে শনাক্ত করতে নজরদারি বাড়ানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মতামত দিন