ধামরাইয়ে অভিযানে ৩ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জরিমানা, সতর্ক করল প্রশাসন।
লাইসেন্স ও প্রয়োজনীয় নথিপত্র হালনাগাদ না থাকায় ঢাকার ধামরাইয়ে দুটি হাসপাতাল এবং একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কাওয়ালিপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অনুমোদন ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, দি নিউ ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় নথি হালনাগাদ ছিল না। এ কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে একতা জেনারেল হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও মো. আল মামুন জানান, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ঠিকঠাক না করলে পরবর্তী অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করা হবে। পাশাপাশি হাসপাতালগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতামত দিন