জাতীয়
ছবি: সংগৃহীত

মিরপুরে বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিতরণ চলাকালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ভাষ্য, পণ্য সংগ্রহের জন্য বহু মানুষ কলেজের পেছনের দেয়ালসংলগ্ন স্থানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই দেয়ালটি ভেঙে পড়ে, এতে মুহূর্তের মধ্যে বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

চিৎকার শুনে আশপাশের মানুষ দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর নাছিমা বেগম নামে এক নারীকে মৃত ঘোষণা করা হয়। তিনি মিরপুর-২ এলাকার জনতা হাউজিংয়ের বাসিন্দা ছিলেন। এছাড়া প্রায় ৪০ বছর বয়সী আরেক ব্যক্তিও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান। তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান বলেন, হতাহতের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দেয়ালটি কেন ধসে পড়ল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের তথ্য অনুযায়ী, মৃত দুইজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় মিললেও অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মতামত দিন