অর্থনীতি
ছবি: সংগৃহীত

ডলারের দাপটে বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আসন্ন নীতিগত সিদ্ধান্তকে ঘিরে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন দেখা দিয়েছে। সুদের হার নিয়ে ফেড কী সিদ্ধান্ত নেয়, সেদিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৮ জুলাই) গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্পট গোল্ডের দাম ০.৮ শতাংশ কমে ৪,০৪২.২৯ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের আগস্ট মাসের স্বর্ণের ফিউচারও ০.৮ শতাংশ হারিয়ে প্রতি আউন্স ৪,০৪২.৮০ ডলারে লেনদেন হয়।

এদিকে বৈশ্বিক বাজারের প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা করা হয়েছে।

এর ঠিক একদিন আগে, অর্থাৎ সোমবার (২৭ জুলাই), দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

স্বর্ণের দামে চলতি বছরে বারবার পরিবর্তন এসেছে। এখন পর্যন্ত ৯৬ দফা মূল্য সমন্বয়ের মধ্যে ৪৬ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার মূল্য বৃদ্ধি এবং ২৯ বার মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়।

মতামত দিন