কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

এক সপ্তাহে ১০ গুণ, কাঁচামরিচের দাম ৩২০ টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

বগুড়ার বাজারে কাঁচামরিচের দাম এক সপ্তাহের ব্যবধানে রীতিমতো আকাশ ছুঁয়েছে। গত সপ্তাহে যে মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সোমবার সেটাই বিকোচ্ছে ৩২০ টাকায়।

রাজাবাজারে দাম শুনে ক্রেতা-বিক্রেতার মধ্যে বাগ্বিতণ্ডাও হচ্ছে।

ব্যবসায়ীরা জানাচ্ছেন, টানা বর্ষায় জমিতে মরিচ পচে গেছে এবং নতুন গাছ টিকছে না। এতে বাজারে সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে। জেলার সবচেয়ে বড় পাইকারি হাট মহাস্থানে মরিচ বিক্রি হচ্ছে ১১ থেকে ১২ হাজার টাকা মণে, অর্থাৎ কেজিপ্রতি প্রায় ৩০০ টাকা। পরিবহন ও শ্রমিক খরচ যোগ হয়ে খুচরায় দাঁড়াচ্ছে ৩২০ টাকায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্ষার কারণে মরিচগাছ দ্রুত মরে যাচ্ছে। চলতি বছর বগুড়ায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে মরিচ চাষ হলেও সরবরাহ সংকট কাটছে না।

মরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা বেড়েছে। শুধু আলু ও পেঁপের দাম অপরিবর্তিত আছে। ব্যবসায়ীরা আশা করছেন, আবহাওয়া স্বাভাবিক হলে দুই-এক দিনের মধ্যে বাজার ঠিক হয়ে যাবে।

মতামত দিন