জাতীয়
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরল, মানতে হবে যেসব শর্ত।

নিজেস্ব প্রতিবেদক:

মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত কমিটির মূল্যায়নে সন্তুষ্ট হয়ে প্রতিষ্ঠানটিকে আবারও চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তবে এ অনুমতি কয়েকটি বাধ্যতামূলক শর্তের সঙ্গে যুক্ত থাকবে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, হাসপাতাল কর্তৃপক্ষের আপিলের পর গঠিত তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, হাসপাতালটিকে এখন থেকে বেসরকারি হাসপাতাল পরিচালনা-সংক্রান্ত প্রচলিত আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া অনুমোদন অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স দ্রুত নিয়োগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে আরও স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের শর্ত বা বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত এ সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর লাইসেন্স বাতিল করা হলেও পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ আপিল করে। পুনঃতদন্ত শেষে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতেই সরকার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ দিয়েছে।

মতামত দিন