আবহাওয়া
ছবি: সংগৃহীত

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

আবহাওয়ার পরিস্থিতি আবারও কিছুটা অস্থির হয়ে উঠতে পারে। দেশের দক্ষিণাঞ্চল ও উপকূলীয় কয়েকটি এলাকায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রোববার (২৬ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী ঝড়ো হাওয়া বইতে পারে। একই সময়ে বজ্রপাতসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

শুধু রাতের সতর্কবার্তাই নয়, আগামী সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকলেও ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। রাতের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন