সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস, তবে নতুন শঙ্কা উত্তরাঞ্চলে।
সিলেটে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে থাকলেও আগামী তিন দিনে তা কমে আসতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী তিন দিন এই ধারা অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে। তবে এরপর পরিস্থিতি স্থিতিশীল হয়ে পরে গঙ্গা-পদ্মার পানি বাড়তে পারে।
উত্তরাঞ্চলে নতুন আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু এলাকায় নদীর পানি সতর্কসীমা ছুঁতে পারে এবং নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম বিভাগের পরিস্থিতি অনুকূলে। গোমতী, মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গুসহ প্রধান নদীগুলোর পানি কমছে এবং আগামী তিন দিন স্থিতিশীল থাকবে বলে জানানো হয়েছে। তবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ আরও ঘনীভূত হলে বৃষ্টিপাত বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
মতামত দিন