পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকালেই স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করবেন তিনি।
২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। দায়িত্বকালে তিনি গণঅভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কয়েকটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন। তিনটি ভিন্ন সরকারের প্রধানকে শপথবাক্য পাঠ করিয়ে ইতিহাসে বিরল নজির স্থাপন করেছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তার পদত্যাগের দাবি উঠছিল। সর্বশেষ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে তার ভাষণের সময় বিরোধী দল প্রতিবাদ জানায়।
পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ পদের দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

মতামত দিন