রান্না করতে গিয়ে সবুজ হলো গরুর মাংস, নেটদুনিয়া তোলপাড়।
খুলনার পাইকগাছায় গরুর মাংস রান্না করতে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটেছে। চুলায় কড়াই চাপানোর কিছুক্ষণের মধ্যেই মাংসের স্বাভাবিক লালচে রং বদলে নীলচে-সবুজ হয়ে যায়।
বেকারির ২৫ জন কর্মচারী একসঙ্গে ভোজের আয়োজন করেছিলেন। সকালে বাজার থেকে চার কেজি মাংস কেনেন তারা। সেদিনের তাজা মাংস শেষ হয়ে যাওয়ায় বিক্রেতা আগের দিনের ফ্রিজে রাখা মাংস দেন। তেল-মসলা দিয়ে স্বাভাবিকভাবে রান্না শুরু হওয়ার পরই মাংসের রং বদলাতে শুরু করে। যত নাড়াচাড়া করা হয়, রং ততই গাঢ় সবুজ হতে থাকে।
বিষয়টি দেখে কর্মচারীরা প্রথমে মাংস বিক্রেতার দোকানে যান। সন্তোষজনক জবাব না পেয়ে কড়াইভর্তি মাংস নিয়ে ইউএনও কার্যালয়ে হাজির হন। সেখান থেকে থানায় পাঠানো হলে পুলিশকেও মাংস দেখান তারা। তবে লিখিত অভিযোগ দিতে রাজি না হয়ে কিছুক্ষণ পর কড়াই নিয়ে চলে যান।
অভিযোগ অস্বীকার করে বিক্রেতা ইসমাইল বলেন, একই ফ্রিজের মাংস আরও ১০ থেকে ১২ জনকে দিয়েছেন, তারা কেউ অভিযোগ করেননি। তার ধারণা, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিকের কারণে এমন হয়েছে। তবে কর্মচারীরা এই দাবি নাকচ করে মাংসের নমুনা পরীক্ষার দাবি জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কড়াইভর্তি সবুজ মাংস দেখে উপজেলা পরিষদ চত্বরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শী সাংবাদিক আসাদুল ইসলাম বলেন, এমন রঙের মাংস তিনি আগে কখনো দেখেননি।

মতামত দিন