চার দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের সব জলকপাট।
বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়া কাপ্তাই লেকের পানি অবশেষে নিরাপদ মাত্রায় নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে স্পিলওয়ের ১৬টি জলকপাট একযোগে বন্ধ করে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
গত শনিবার লেকের পানি বিপজ্জনক পর্যায়ে পৌঁছানোর আশঙ্কায় সব গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল। প্রায় সাড়ে চার দিন বা ১০৭ ঘণ্টার বেশি সময় ধরে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়ার পর লেকের উচ্চতা ১০৩ দশমিক ২৬ ফুটে নামে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রাত ১১টায় গেট বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, এই সময় পাঁচটি উৎপাদন ইউনিট চালু থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
মতামত দিন