ভিসা ছাড়াই ভ্রমণ, বাংলাদেশিদের জন্য ৩৫ দেশের নতুন তালিকা প্রকাশ।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের সর্বশেষ বৈশ্বিক সূচকে উন্নতি হয়েছে বাংলাদেশের অবস্থানের। ২০২৬ সালের মধ্যবর্তী প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে।
যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স মঙ্গলবার (২১ জুলাই) তাদের হালনাগাদ পাসপোর্ট সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত কোনো দেশের নাগরিক আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, সেটিই এই সূচকের ভিত্তি।
নতুন তালিকা অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসা সুবিধায় ভ্রমণের সুযোগ পাচ্ছেন। যদিও আগের বছরে এই সংখ্যা ছিল ৩৭টি।
গত কয়েক বছরে বাংলাদেশের অবস্থানে ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০২০ সালে ছিল ৯৮তম, ২০২১ সালে নেমে যায় ১০৮তম স্থানে। এরপর ২০২২ সালে ১০৩তম, ২০২৩ সালে ১০১তম এবং ২০২৫ সালে ১০০তম অবস্থানে ছিল বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত সূচকে আবারও উন্নতি হয়ে ৯৭তম স্থানে উঠে এসেছে দেশটি।
বাংলাদেশি নাগরিকরা বর্তমানে মালদ্বীপ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, কেনিয়া, ফিজি, জামাইকা, ডোমিনিকা, সেশেলস, সামোয়া, রুয়ান্ডা, কম্বোডিয়াসহ মোট ৩৫টি দেশে সহজ শর্তে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
এবারের তালিকায় আগের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা বিশ্বের ১৯২টি দেশে আগাম ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮৮টি।
তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, আর চতুর্থ স্থানে যৌথভাবে আছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এ ছাড়া পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়ার বেশ কয়েকটি উন্নত দেশ।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের অবস্থানের এই উন্নতি আন্তর্জাতিক ভ্রমণে কিছুটা ইতিবাচক বার্তা দিলেও ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা কমে যাওয়ায় ভবিষ্যতে কূটনৈতিক সম্পর্ক ও ভিসা সুবিধা সম্প্রসারণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে।

মতামত দিন