অর্থনীতি
ছবি: সংগৃহীত

জুলাইয়ের ২১ দিনেই রেমিট্যান্স ছাড়াল ২ বিলিয়ন ডলার।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি অর্থবছরের শুরুতেই দেশের রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। জুলাই মাসের প্রথম ২১ দিনেই প্রবাসী বাংলাদেশিরা ২ দশমিক ০৯৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের একই সময় দেশে এসেছিল ১ দশমিক ৬৯৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে এবার রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ।

সবশেষ হিসাব অনুযায়ী, শুধু ২১ জুলাই একদিনেই বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৭ কোটি ৮০ লাখ (৭৮ মিলিয়ন) মার্কিন ডলার।

অর্থনীতিবিদদের মতে, অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সের এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক হবে। একই সঙ্গে আমদানি ব্যয়, বৈদেশিক লেনদেন এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের ধারাবাহিক অর্থ প্রেরণ শুধু দেশের বৈদেশিক মুদ্রার জোগানই বাড়াচ্ছে না, বরং অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মতামত দিন