আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভের প্রভাব, ১৬ মেট্রো স্টেশন বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)।

এর ফলে সকাল থেকেই বিপাকে পড়েছেন হাজারো কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও নিয়মিত যাত্রীরা।

ডিএমআরসির নির্দেশনা অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সকাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী ওঠানামা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট রুটে মেট্রো ট্রেন চলাচল অব্যাহত থাকবে, যদিও ট্রেনগুলো বন্ধ স্টেশনগুলোতে থামবে না। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় রেখে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও মান্ডি হাউস স্টেশনে শুধু ট্রেন পরিবর্তনের (ইন্টারচেঞ্জ) সুযোগ চালু রাখা হয়েছে।

সাময়িকভাবে বন্ধ থাকা স্টেশনগুলোর মধ্যে রয়েছে—রাজীব চক, প্যাটেল চক, জনপথ, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, মান্ডি হাউস, সুপ্রিম কোর্ট, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, লোক কল্যাণ মার্গ, খান মার্কেট, জোরবাগ, বারাকাম্বা রোড, রামকৃষ্ণ আশ্রম মার্গ, শিবাজি স্টেডিয়াম এবং সেবা তীর্থ।

নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি এলাকা ও সংবেদনশীল স্থাপনাগুলোর আশপাশে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও কড়াকড়ি আরোপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভ্রমণের আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য যাচাই করারও অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে বন্ধ স্টেশনগুলো আবার চালু করা হবে।

প্রসঙ্গত, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই দিল্লিতে উত্তেজনা বিরাজ করছে। ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী অংশ নেওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি

মতামত দিন