অর্থনীতি
ছবি: সংগৃহীত

সোনার বাজারে ফের ঊর্ধ্বগতি, নতুন দরে বিক্রি শুরু।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের স্বর্ণের বাজারে আবারও মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সাম্প্রতিক সময়ে টানা দুই দফা দাম কমানোর পর এবার সব ধরনের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হয়েছে।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, দেশীয় বাজারে খাঁটি সোনার ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, যা আগের দামের তুলনায় ১ হাজার ৬৩৩ টাকা বেশি।

সর্বশেষ মূল্য তালিকায় ২১ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। ১৮ ক্যারেটের দাম রাখা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকায়।

সংগঠনটি জানিয়েছে, ঘোষিত দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে অলঙ্কারের নকশা ও কারিগরি কাজের জন্য পৃথক মজুরি যুক্ত হবে, যা প্রতিটি জুয়েলারি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।

মাত্র এক সপ্তাহ আগে, ১৪ জুলাই, স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছিল। কিন্তু আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের দামের পরিবর্তনের প্রভাবে সেই ধারা স্থায়ী হয়নি। ফলে আবারও মূল্য বাড়ানোর পথে হাঁটল বাজুস।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে স্বর্ণের দাম নিয়ে একাধিকবার সমন্বয় করতে হয়েছে। এ পর্যন্ত ৯২ বার মূল্য পরিবর্তনের মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৭ বার কমেছে এবং একবার ভ্যাট সংক্রান্ত সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার প্রতি ভরি বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়।

মতামত দিন