জাতীয়
ছবি: সংগৃহীত

সমঝোতার পর রেললাইন ছাড়লেন রাবি শিক্ষার্থীরা।

নিজেস্ব প্রতিবেদক:

প্রায় সাড়ে আট ঘণ্টা রেল চলাচল বন্ধ রাখার পর আন্দোলন স্থগিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে তারা রেললাইন ছেড়ে দেন।

আন্দোলনকারীদের পক্ষে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, বিভাগীয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে বেশ কয়েকটি দাবির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। তাই আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আগামী ৬ আগস্টের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের চার দফা দাবির আলোকে অভিযুক্ত টিটিই সুমন আলীকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার বিষয়ে নীতিগত সম্মতি মিলেছে। পুরো ঘটনার তদন্তে পৃথক একটি স্বাধীন তদন্ত কমিটিও গঠন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরি হওয়ায় শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন। এর ফলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।

মতামত দিন