জর্ডান সীমান্তে ড্রোন–ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরান-জর্ডানের বিপরীত দাবি।
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যে জর্ডানের আকাশসীমা ঘিরে নতুন করে বিরোধপূর্ণ তথ্য সামনে এসেছে। সীমান্তবর্তী এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ঘটনাকে কেন্দ্র করে ইরান ও জর্ডান একে অপরের সঙ্গে সাংঘর্ষিক দাবি করেছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আল জাজিরার মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের দিক থেকে দেশটির আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা পাঁচটি ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। অভিযানটি সফল হয়েছে এবং এতে কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষতির ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আম্মান।
জর্ডানের সরকারি বার্তা সংস্থার বরাতে সামরিক কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তবে জর্ডানের এই ঘোষণার আগে ভিন্ন দাবি করে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তাদের বক্তব্য অনুযায়ী, জর্ডানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে।
আইআরজিসির দাবি, ওই অভিযানে মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। পাশাপাশি একটি হ্যাঙ্গারে রাখা এফ-১৫ যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে বলে তারা জানিয়েছে।
তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।
সূত্র: আল জাজিরা

মতামত দিন