নিট কাণ্ডে দ্রুত ব্যবস্থার সাফাই মোদির, দিল্লিতে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের পদক্ষেপের পক্ষে সাফাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার পার্লামেন্টে এনডিএর বৈঠকে তিনি বলেন, অভিযোগ সামনে আসার সঙ্গে সঙ্গেই ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় দ্রুত পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
বৈঠক শেষে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দেশের শীর্ষ আইনজীবীদের সহায়তা নেওয়া হচ্ছে। মোদি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস শুধু কেন্দ্রের নয়, এটি জাতীয় সমস্যা এবং কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগ দরকার। তরুণদের আস্থা অর্জনে সাংসদদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেন তিনি।
এদিকে সোমবার পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই নয়াদিল্লিতে হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট অভিমুখে মিছিল করেন। পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ব্যবহারের পরও পরিস্থিতি উত্তপ্ত থাকে। সংঘর্ষে ২০০ জনের বেশি আহত হয়েছেন, যার মধ্যে শতাধিক পুলিশ সদস্য। পাঁচটি মামলা দায়ের করা হয়েছে এবং পেছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল কি না তা তদন্ত করা হচ্ছে।
মতামত দিন