বিপৎসীমার কাছে তিস্তা, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট।
উজানের ঢল আর টানা বৃষ্টিতে আবারও ফুঁসছে তিস্তা। সোমবার সকালে নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। উজানের ঢল অব্যাহত থাকায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
গত ১৩ জুলাই তিস্তার পানি বিপৎসীমার ওপরে উঠে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। সেই বন্যার পানি পুরোপুরি নামার আগেই নতুন করে পানি বাড়তে শুরু করায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে পাউবো।
মতামত দিন