ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট।
ক্রমবর্ধমান পানির চাপ সামলাতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। শনিবার সকাল সাড়ে ১১টায় জলকপাটগুলো খুলে দেওয়া হয়, ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে গড়াচ্ছে।
শনিবার সকাল নয়টায় হ্রদের পানির স্তর ছিল ১০৪ দশমিক শূন্য ৮ এমএসএল, যেখানে সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ এমএসএল। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে উজান থেকে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় বিপদসীমায় পৌঁছানোর আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উজান থেকে পানির প্রবাহ আরও বাড়লে পর্যায়ক্রমে গেট আরও বেশি খোলা হবে। বর্তমানে পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট চালু থাকায় সেগুলোর মাধ্যমেও প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।
কর্ণফুলী নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।
মতামত দিন