আবহাওয়া
ছবি: সংগৃহীত

১৬ জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (১৭ জুলাই) গভীর রাত পর্যন্ত অন্তত ১৬ জেলার ওপর দিয়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির ঘটনাও ঘটতে পারে।

যেসব এলাকায় এই আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে—ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা উপকূলের কাছে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা, বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সাধারণ লঘুচাপ হিসেবে অবস্থান করছে। একই সময়ে মৌসুমি বায়ুর বিস্তৃতি বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা বজায় আছে এবং উত্তর বঙ্গোপসাগরও উত্তাল অবস্থায় রয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (১৮ জুলাই) সকাল পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকাতেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের বিচ্ছিন্ন কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টির প্রভাবে দিন ও রাত—উভয় সময়েই তাপমাত্রা সামান্য কমে স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন