বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার শিক্ষা সহযোগিতায় নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা জানান, নতুন সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে সৌদি আরব ইতিবাচক অবস্থান নিয়েছে।
মাহদী আমিনের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি স্কলারশিপ দেওয়ার প্রতিশ্রুতি সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। এ সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রদূত সরাসরি প্রধানমন্ত্রীকেও অবহিত করেছেন।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ও গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানো, কর্মীদের সৌদি শ্রমবাজারে প্রবেশের প্রক্রিয়া সহজ করা এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে যৌথভাবে কাজ করার বিষয়ে মতৈক্য হয়।
এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করে।
বর্তমানে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি সৌদি আরবে বসবাস ও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস হিসেবে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বৈঠকে সৌদি প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনসুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি. আল সুহাইমিও উপস্থিত ছিলেন।
মতামত দিন