অপরাধ
ছবি: সংগৃহীত

৪৫ বছর পলাতক থাকার পর শহীদ জিয়া হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক।

নিজেস্ব প্রতিবেদক:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত এবং প্রায় সাড়ে চার দশক ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিবি পুলিশের অভিযানে তিনি আটক হন। গোয়েন্দা কর্মকর্তারা জানান, দীর্ঘ ৪৫ বছর ধরে আত্মগোপনে থাকা এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর প্রচলিত বিধি অনুসরণ করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব বিধি অনুযায়ী তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। স্থানীয় রাজনৈতিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে আগের দিন তিনি চট্টগ্রামে গিয়েছিলেন। সেই সময় একদল বিদ্রোহী সেনা কর্মকর্তা এ হামলা চালায়।

তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় মোজাফফর হোসেনকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম সদস্য হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেন এবং তার দিকেই প্রথম গুলি ছোড়েন।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিদ্রোহে জড়িত বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করে। পরে সামরিক আদালতের বিচারে ১৩ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। তবে মোজাফফর দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে গ্রেপ্তারে একসময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। আত্মগোপনের সময় তিনি ভারতের বিভিন্ন স্থানে অবস্থান করেন এবং পরিচয় গোপন রাখতে ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পেরিয়ে যাতায়াত করতেন। দীর্ঘ অনুসন্ধানের পর শেষ পর্যন্ত তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছেন।

মতামত দিন