আলি খামেনির সমাধিস্থলে ভয়াবহ অগ্নিকাণ্ড।
ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মাশহাদের ইমাম রেজা কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় সম্প্রতি সেখানে সমাহিত হওয়া দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির সমাধিস্থলসহ মূল স্থাপনাগুলো অক্ষত রয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম জানায়, কমপ্লেক্সের একটি নির্মাণাধীন অংশে কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। ওই সময় শ্রমিকরা বিটুমিন-সংক্রান্ত নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। কিছুক্ষণের মধ্যেই আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়া কমপ্লেক্সের একটি অংশ ঢেকে ফেলে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
খবর পেয়ে দমকল ও জরুরি সেবা ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়েনি এবং পরিস্থিতি অল্প সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে আসে।
কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৯ জুন ইমাম রেজা কমপ্লেক্সেই আলি খামেনিকে দাফন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তার সমাধিস্থল এবং স্মৃতিসৌধের মূল অংশ এ ঘটনায় কোনো ক্ষতির মুখে পড়েনি।
মতামত দিন