১৪ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৈরী আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৪টি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নদীবন্দরভিত্তিক সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে।
এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার চিত্র তুলে ধরে সংস্থাটি জানিয়েছে, উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর প্রভাব আরও জোরালো।
এই আবহাওয়াগত পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও ঢাকা বিভাগের বিচ্ছিন্ন এলাকাতেও দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের কয়েকটি স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রভাবে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য কমে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন