সৌদিতে মেশিনে কাটা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু।
জীবিকার সন্ধানে বিদেশ গিয়ে আর ফেরা হলো না কুমিল্লার তরুণ নাদিম হোসেনের। সৌদি আরবের একটি খেজুর কারখানায় মেশিন পরিষ্কার করতে গিয়ে সহকর্মীদের অসাবধানতায় প্রাণ হারিয়েছেন এই ২৭ বছর বয়সী যুবক।
বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে নাদিম পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন। প্রায় ১০ মাস আগে স্বপ্ন নিয়ে সৌদি যান তিনি। সেদিন মেশিনের ভেতরে পরিষ্কারের কাজ করছিলেন নাদিম। বাইরে থাকা সহকর্মীরা না জেনে মেশিন চালু করে দিলে আর বেরিয়ে আসতে পারেননি তিনি।
তবে বাবা সামাদ মিয়া দুর্ঘটনা মানতে নারাজ। তার সন্দেহ, ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। সৌদি পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করে কারখানার তিন কর্মীকে আটক করেছে।
স্থানীয় ইউএনও জানিয়েছেন, সরকারি খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা রয়েছে। পরিবার আবেদন করলে প্রশাসন সব ধরনের সহায়তা করবে।

মতামত দিন