কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার ভোরে কুয়েতের কৌশলগত আলি আল-সালেম বিমানঘাঁটিতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের এলিট বাহিনী আইআরজিসি।
'অপারেশন নাসর ২' নামের এই অভিযানে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী একসঙ্গে কাজ করেছে। তেহরানের দাবি, হামলায় ঘাঁটির একটি অত্যাধুনিক সি-র্যাম রাডার ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে জড়ো হওয়া মার্কিন সেনাদের সরাসরি নিশানা করা হয়েছে।
এই হামলা মূলত দক্ষিণ ইরানে মার্কিন বিমানবাহিনীর রাতভর বোমাবর্ষণের জবাব। গত কয়েকদিন ধরে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের ভাষ্য অনুযায়ী, মার্কিন হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আহভাজ শহরের একটি শিশু ক্যান্সার হাসপাতাল থেকে পর্যন্ত মুমূর্ষু রোগীদের সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
কুয়েতের জনগণের উদ্দেশে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্র তাদের মাটি ব্যবহার করে মুসলিম দেশ ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। এই পরিস্থিতিতে কুয়েতবাসীকে নিজেদের দেশকে মার্কিন প্রভাব থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে তারা।
মতামত দিন