আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইতালির রোমে ৩৮ ডিগ্রির দহন, ১৫ শহরে রেড অ্যালার্ট জারি।

নিজেস্ব প্রতিবেদক:

ইতালিতে তাপপ্রবাহ এখন চরম পর্যায়ে। বৃহস্পতিবার ও শুক্রবার রোমের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, যা স্বাভাবিকের চেয়ে ৬ থেকে ৮ ডিগ্রি বেশি।

এই পরিস্থিতিতে রোমসহ দেশের ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট লেভেল-৩ জারি রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আফ্রিকান উচ্চচাপ বলয়ের প্রভাবে আকাশ পরিষ্কার থাকছে এবং তীব্র রোদ অব্যাহত রয়েছে। সবচেয়ে কষ্টকর হয়ে উঠেছে রাতের গরম। আবহাওয়াবিদরা বলছেন, রোমে 'সুপার ট্রপিক্যাল নাইট' পরিস্থিতি তৈরি হয়েছে, রাতভর তাপমাত্রা ২৫ থেকে ২৭ ডিগ্রির মধ্যে থাকায় ঘুমানো কঠিন হয়ে পড়েছে বাসিন্দাদের।

স্বাস্থ্য মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সতর্কতা শুধু বয়স্ক বা অসুস্থদের জন্য নয়, সুস্থ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। নাগরিকদের সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইরে না যাওয়া, প্রতিদিন অন্তত দুই লিটার পানি পান করা এবং শিশু ও বয়স্কদের গাড়িতে একা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি সহায়তার জন্য ১৫০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

রোববার মধ্য ইউরোপ দিয়ে একটি নিম্নচাপ অতিক্রম করলে সামান্য স্বস্তি মিলতে পারে। তবে প্রকৃত অর্থে তাপপ্রবাহের তীব্রতা কমতে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মতামত দিন