১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগসহ বড় ঘোষণা প্রধানমন্ত্রীর।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে পুরোপুরি পেশাদার করতে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
সদ্য পাস হওয়া বাজেটকে জনবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারি-বেসরকারি সব মহলের সহযোগিতা দরকার।
কৃষি খাতে তিনি জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রায় ১৩ লাখ প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন।
সামাজিক সুরক্ষায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ধর্মগুরুদের সম্মানী কার্যক্রম চালু হয়েছে। ভবিষ্যতে এগুলো একটি ইউনিভার্সাল কার্ডে একীভূত করার পরিকল্পনাও রয়েছে।
অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ঋণনির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগনির্ভর অর্থনীতি গড়াই সরকারের মূল লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যাওয়ার প্রত্যাশার কথাও জানান তিনি। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী।
মতামত দিন