হরমুজ ইস্যুতে নতুন যুদ্ধ নয়, সংযমের আহ্বান চীনের।
হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। পরিস্থিতি আরও জটিল না করে উভয় দেশকে সংযম দেখানো এবং কূটনৈতিক পথেই সংকট মোকাবিলার আহ্বান জানিয়েছে বেইজিং।
মঙ্গলবার (১৪ জুলাই) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া কারও জন্যই মঙ্গলজনক নয়। তাই সংশ্লিষ্ট সব পক্ষের উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকা, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
তিনি বলেন, সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে শুধু সংশ্লিষ্ট দেশই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যও ঝুঁকির মুখে পড়বে। তাই নিরীহ মানুষের জীবন ও স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেদিকে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, হরমুজ প্রণালির তীরবর্তী দেশগুলোর বৈধ অধিকার ও স্বার্থের প্রতি সম্মান জানানো জরুরি। একই সঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ ও স্বাভাবিক জাহাজ চলাচল দ্রুত নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেয় বেইজিং।
লিন জিয়ান জানান, বর্তমান সংকটের সমাধান সামরিক পথে নয়; আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান সম্ভব। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা অনুযায়ী সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে চীন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটেই বেইজিং নতুন সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছে।

মতামত দিন