জাতীয়
ছবি: সংগৃহীত

৪৮ ঘণ্টায় তিন জেলায় বন্যার শঙ্কা, বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছাড়িয়ে যাওয়ায় আগামী ৪৮ ঘণ্টায় নতুন করে তিন জেলায় বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, বর্তমানে পাঁচটি গুরুত্বপূর্ণ নদীর বিভিন্ন পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর মধ্যে রয়েছে নীলফামারীর ডালিয়ায় তিস্তা, সুনামগঞ্জের ছাতকে সুরমা, সুনামগঞ্জের মারকুলি ও সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণার বন্যাকবলিত নিম্নাঞ্চলে পরিস্থিতি আপাতত স্থিতিশীল থাকবে এবং ধীরে ধীরে পানি কমতে পারে। একইভাবে তিস্তা অববাহিকার নীলফামারী ও লালমনিরহাটের নিচু এলাকাতেও বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

তবে নতুন উদ্বেগ তৈরি হয়েছে রংপুরের কাউনিয়া এলাকায়। সেখানে তিস্তা নদীর পানি সাময়িক সময়ের জন্য বিপৎসীমা অতিক্রম করতে পারে, যার ফলে আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীতীরবর্তী নিচু এলাকার কিছু অংশে অস্থায়ী প্লাবনের ঝুঁকি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

পরিস্থিতি বিবেচনায় নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে।

মতামত দিন